Home » তৃণমূল থেকে বিজেপি! কোয়েলের ‘ফুল’বদলে বাংলার রাজনীতিতে তোলপাড়

তৃণমূল থেকে বিজেপি! কোয়েলের ‘ফুল’বদলে বাংলার রাজনীতিতে তোলপাড়

by adminMrittka
0 comments

বাংলার রাজনীতিতে ফের বড় চমক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিক এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। সোমবার কলকাতায় বিজেপির রাজ্য দফতরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এর পরেই বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন জমা দেন তিনি।

চলতি বছরের শুরুতেই তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন কোয়েল। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর জুলাই মাসে তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর রাজ্যসভা উপনির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে বিজেপি কোয়েলকেই প্রার্থী করেছে।

রবিবার বিজেপির তরফে প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন তিনি। বিজেপি কার্যালয়ে দলের নেতাদের উপস্থিতিতে তাঁর হাতে পতাকা তুলে দেওয়া হয়।

বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল জানান, মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে যে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তার সঙ্গে তিনি যুক্ত হতে চান বলেও জানান অভিনেত্রী। পাশাপাশি রাজ্যে আরও কাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে কোয়েল বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ তাঁর কাছে অত্যন্ত বড় দায়িত্ব। দেশের ও বাংলার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

তবে দলবদলের পরও প্রাক্তন দল তৃণমূল বা তার নেতাদের বিরুদ্ধে কোনও কড়া মন্তব্য করতে চাননি কোয়েল। তাঁর বক্তব্য, কাউকে ছোট বা অপমান করে রাজনীতি করার পক্ষপাতী নন তিনি। ইতিবাচক কাজের দিকেই নজর দিতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।

একদিকে টলিউডের জনপ্রিয় মুখ, অন্যদিকে কয়েক মাসের মধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তন—সব মিলিয়ে কোয়েল মল্লিকের ‘ফুলবদল’ এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। বিশেষ করে যে আসন থেকে তিনি আগে তৃণমূলের সাংসদ হয়েছিলেন, সেই আসনেই এবার বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভায় ফেরার লড়াইয়ে নামছেন তিনি।

You may also like

Leave a Comment